
মেলান্দহে গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন আদায়ে জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নাংলা ইউনিয়নের নলকুড়ি বাজারে উপজেলা শাখার উদ্যোগে এ পথসভা হয়। নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণির পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।
মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা সভাপতি লিটন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, অনেক তো দল দেখেছেন, অনেকের কাছে সুযোগ দিয়েছেন। কিন্তু সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালোবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।
সভাপতির বক্তব্যে মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আপনাদের দোয়া চাই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। এমন কাউকে ভোট দেবেন না, যার কাছে যেতে ভয় বা সংকোচ হয়। বরং যিনি আপনাদের দোরগোড়ায় এসে খোঁজখবর নেবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন, তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন।
এছাড়াও, সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আলম, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী হুজুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী নুরনবী ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা গণঅধিকার পরিষদের ঘোষিত অঙ্গীকার “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষাই তাদের রাজনীতির মূলমন্ত্র।
পরে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে এ পথসভা শেষ হয়।