প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ AM

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং গাজা আগ্রাসনের মধ্যে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এই সরবরাহ নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার ও ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযান শুরু হয়েছে। প্রস্তাবিত এই নতুন সমরাস্ত্রগুলোর ব্যবহার এ অভিযানে হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলমান। এই আগ্রাসনে গাজায় ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূখণ্ডের ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত দুই বছরে গাজায় ছয়বার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও, যুক্তরাষ্ট্র প্রতিবারই ভেটো দিয়ে তা নাকচ করেছে।
এই পরিস্থিতিতে ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সময় ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয় চূড়ান্ত করেছে।