প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ AM

রানা সরদার, সিয়াম সরদার
মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাদবর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ বাহিনী।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে র্যাব-৮, র্যাব-১০ ও র্যাব-১১-এর সদস্যরা এ অভিযান চালান।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুইজন হলেন শিবচর উপজেলার চরস্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) এবং কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিবচর পৌর এলাকার এক বাজারে চাইনিজ কুড়াল দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবরকে। এ ঘটনায় নিহতের চাচি পারুল আক্তার বাদী হয়ে ২২ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের এক কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই আমরা আসামিদের ধরতে নিরবিচারে অভিযান পরিচালনা করছি। ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অগ্রগতি আরও সহজ হবে বলে আমরা আশা করছি।