প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ AM

ভারতের অরুণাচল প্রদেশের পাক্কি কেসাং জেলায় শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিলোমিটার পদযাত্রা করেছেন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অন্তত ৯০ জন স্কুলছাত্রী। জেলা শহর থেকে নিয়াংনো নামের গ্রাম পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা বিদ্যালয়ের শিক্ষকের তীব্র সংকটের প্রতিবাদ জানিয়েছেন।
পদযাত্রায় অংশ নিয়েছেন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও। তারা গ্রাম থেকে বিদ্যালয়ের পোশাকেই যাত্রা শুরু করে ব্যানার ও স্লোগান হাতে রেখে চলেছেন। তাদের দাবি, বারবার আবেদন করার পরও ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি, যা পড়াশোনায় বাধা সৃষ্টি করেছে।
পদযাত্রার সময় একটি ব্যানারে লেখা ছিল, “শিক্ষকবিহীন বিদ্যালয় শুধু একটি ভবন ছাড়া আর কিছুই নয়।” শিক্ষার্থীরা জানান, দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পরও অন্য কোনো বিকল্প ছিল না। রাতভর পদযাত্রা চালিয়ে তারা সোমবার সকালে জেলা শহর লেমিতে পৌঁছান এবং সেখানে শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দেন।
এই পদযাত্রার পর জেলা জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিদ্যালয়ে ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অন্যান্য বিষয়ে যথেষ্ট শিক্ষক থাকায় অর্ধবার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি ইতিমধ্যেই শেষ করা হয়েছে, তবে ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের সংকট সত্যিই ছিল।
কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় ২০১১–১২ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে। বিদ্যালয়টি পরিচালনা করছে ‘সেই দোনি চ্যারিটেবল ট্রাস্ট’ নামের একটি এনজিও, যা পিছিয়ে পড়া এলাকা ও সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করে। বর্তমানে বিদ্যালয়ে ৯০ জনের বেশি শিক্ষার্থী, অন্তত ১৩ জন শিক্ষক ও একজন প্রধান শিক্ষক রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ