প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ AM

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে দেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণকেও হলুদ সতর্কতা চিহ্ন দেখানো হয়েছে, যা কার্যত ভ্রমণ নিষেধাজ্ঞার সমতুল্য।
কানাডার নাগরিকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে এই দেশ ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশের নিরাপত্তা পরিস্থিতি যেকোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।”
পার্বত্য তিন জেলায় যেকোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।”
কানাডার এই উচ্চমাত্রার সতর্কতা জারি হওয়ায় দেশের পর্যটন ও ভ্রমণপ্রেমীদের জন্য সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দেশটিতে যেকোনো সময়ে অব্যাহত রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল-অবরোধের প্রভাবে সাধারণ ভ্রমণকারীরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ