প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ AM

বরিশালে জামায়াতের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের কোনো বিকল্প নেই। দেশের মানুষ এমন একটি নির্বাচন চায় যেখানে প্রত্যেকটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। এজন্য প্রয়োজন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা।
তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে অবহেলা না করে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা উচিত।
তিনি অভিযোগ করে বলেন, এখনো প্রশাসনের ভেতরে ফ্যাসিস্টদের দোসররা সক্রিয় রয়েছে। তাদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সঙ্গে তিনি জাতীয় পার্টিসহ অতীতে ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে বিচারের আওতায় আনার দাবি জানান। অধ্যাপক মুজিবুর রহমান জোর দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দিতে হবে, নতুবা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন বাবর। সঞ্চালনা করেন মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহ। এতে মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ফ্যাসিস্ট শক্তির বিচার, প্রশাসনে সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। তারা দাবি করেন, গণআন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব এবং সেজন্য পিআর ভিত্তিক নির্বাচনের বিকল্প নেই।
সমাবেশ শেষে কয়েক হাজার জামায়াত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ