প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হামলার অভিযোগ করেছেন মনোজ কুমার ভৌমিক (৫৪)। এ ঘটনায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত অভিযোগে মনোজ কুমার ভৌমিক জানান, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার দুই চাচা নিখিল ভৌমিক (৬০), জীবেশ ভৌমিক (৬৫), চাচি ঝুনু রানী ভৌমিক (৩৫) ও আরও কয়েকজন সহযোগী মদ্যপ অবস্থায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, ইটসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
মনোজ কুমার দাবি করেন, এ সময় তার পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বসতবাড়ির জানালা-দরজা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনাটি তার স্ত্রী ও প্রতিবেশীরা প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
তিনি আরও জানান, হামলাকারীরা হুমকি দিয়ে গেছে— থানায় মামলা করলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে। সংবাদ সম্মেলনে মনোজ কুমার ভৌমিক প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ