প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৯:১৯ PM

ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান আর নেই।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. কামারুজ্জামান বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মধ্যে রয়েছে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ, বেগম জামিলা মেমোরিয়াল গার্লস স্কুল, মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ডাক্তার জামান্স কিন্ডারগার্টেন, হাছান জামিলা ফাউন্ডেশন, ১০০ শয্যা বিশিষ্ট জামান্স ক্লিনিক ও মাইডার হোম। এছাড়া ঢাকার বনানীতেও তিনি জামান্স ক্লিনিক ও মাইডার হোম প্রতিষ্ঠা করেন।
তার পিতা হাসানুজ্জামান পাকিস্তান সরকারের এমএলএ ছিলেন এবং তিনি নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
ডা. কামারুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব নূরুল আফসার নয়ন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, নাঙ্গলকোট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো