প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের অনুষ্ঠানে যেতে স্বামী বাধা দেওয়ায় সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বালিবাড়ি গ্রামের মজিবুর রহমান বাবুল ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার ওই গ্রামের কেফায়েতুল্লাহ রুবেল (৩৩)-এর স্ত্রী। তাদের রাইসা (১০) ও সারামনি (৬) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।
পারিবারিক সূত্র জানায়, সালমা আক্তার নিজেই স্বামীর চাচাতো বোন তাহমিনার বিয়ের প্রস্তুতি ও বৌ সাজানোসহ নানা আয়োজন করেন। তবে স্বামী রুবেল পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের কারণে তাকে অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। এতে ক্ষোভে সালমা গোসল শেষে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের শ্বশুর মজিবুর রহমান বাবুল ভূঁইয়া বলেন, “আমাদের সংসারে কোনো অভাব-অনটন নেই, ছেলের সাথেও বড় কোনো ঝগড়া-বিবাদ ছিল না। কী কারণে সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।”
সালমার মেয়ে রাইসা জানায়, বিয়ের অনুষ্ঠান নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপরই মা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেল স্ত্রীকে অনুষ্ঠানে যেতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সালমা আত্মহত্যা করেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে