প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

সংগৃহীত ছবি
ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহর আজ জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন বাংলা সিনেমার এই কিংবদন্তি তারকা।
সালমান শাহর আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি। অভিনয় জীবন শুরু করেন টেলিভিশন নাটকের মাধ্যমে। ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’, টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে, যার মধ্যে ১৩টিতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’সহ প্রায় সব সিনেমাই বাণিজ্যিকভাবে সফল হয়।
দক্ষ অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও অনন্য স্টাইল দিয়ে নব্বইয়ের দশকে তিনি তরুণদের স্টাইল আইকনে পরিণত হন। শিক্ষিত ও মধ্যবিত্ত দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনায়ও বিশেষ ভূমিকা রাখেন তিনি।
ব্যক্তিজীবনে ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অকালমৃত্যু ঘটে তাঁর। সেদিন ঢাকার ইস্কাটনের বাসায় সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। যদিও ময়নাতদন্তে আত্মহত্যা বলা হলেও মৃত্যুকে ঘিরে রহস্য এখনো রয়ে গেছে।
চলচ্চিত্রে সংক্ষিপ্ত সময়ের উপস্থিতিতেই তিনি তৈরি করেছিলেন এক ভিন্ন ধারা, যা আজও দর্শকের হৃদয়ে অমলিন। সালমান শাহকে ভক্তরা আজও ভালোবেসে স্মরণ করেন ‘স্বপ্নের নায়ক’ হিসেবেই।