প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ AM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার উত্থাপিত প্রস্তাবে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি গাজা থেকে অবরোধ প্রত্যাহার এবং ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এ প্রস্তাবে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের মুক্তির কথাও উল্লেখ ছিল।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নির্বাচিত ১০টি দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। ভোটাভুটিতে বাকি ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র এককভাবে ভেটো দেয়। এতে টানা ৬ বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল ওয়াশিংটন।
গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েল ও হামাসের সংঘাত চলছে। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে একাধিক প্রস্তাব তোলা হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে ‘গণহত্যায় প্রত্যক্ষ সম্পৃক্ততা’ বলে নিন্দা জানিয়েছে।
ভোটাভুটির আগে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, “গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত বাস্তবতা। অনুমান বা সম্ভাবনা নয়, এটি এখন নিশ্চিত।”
তিনি আরও জানান, গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযান বেড়ে যাওয়ায় বেসামরিক মানুষের দুর্ভোগ ভয়াবহভাবে বেড়েছে।
স্থানীয় তথ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে গাজা সিটিতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অবস্থান করছিলেন, যাদের অনেকেই বারবার স্থানচ্যুত হয়ে আশ্রয় নিয়েছিলেন। সর্বশেষ অভিযানে শহরটি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। দুই বছরের এ সংঘাতে গাজায় অন্তত ৬৫ হাজার ১৪১ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ