প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ৬:১০ এএম

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে আজ শুক্রবার ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে। এর উৎপত্তিস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামি (জলোচ্ছ্বাস) এর আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
এটি সাম্প্রতিক সময়ে কামচাতকা অঞ্চলে ঘটানো একাধিক বড় ভূমিকম্পের মধ্যে একটি। ১৩ সেপ্টেম্বর ২০২৫-এ ৭.৪ মাত্রার এবং জুলাই মাসে ৮.৮ মাত্রার ভূমিকম্পও এই অঞ্চলে অনুভূত হয়েছিল।
জুলাইয়ের ভূমিকম্পের সময় প্রশান্ত মহাসাগরে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। তখন হাওয়াই থেকে জাপান পর্যন্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে ভূমিকম্পের পুনরাবৃত্তি স্বাভাবিক, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং জরুরি প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ