প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ AM

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং আরও সাত জন আলেম তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার আলেমদের প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছে। সফরের সময় তারা আফগান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
মাওলানা মামুনুল হক ছাড়াও দলের সদস্যরা হলেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরে বাংলাদেশের আলেমরা আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এছাড়া মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা সমালোচনা, দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিও আলোচনার অগ্রাধিকার পাবে।
এর আগে, ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল ওমরাহ পালন করেছেন সৌদি আরবে। ওমরাহ শেষে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান। বাংলাদেশ খেলাফত মজলিসের তথ্য অনুযায়ী, মামুনুল হক এবং দলের সদস্যদের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশে সফরের পরিকল্পনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ