প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম

নির্বাচন কমিশনের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রস্তাবিত দুইটি আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের উদ্যোক্তা হচ্ছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
একই সঙ্গে, ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনের কার্যক্রমে গতি ও দক্ষতা বাড়াতে কমিশনের প্রস্তাবিত এই দুটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার।
নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত এই আইনগুলো সংশোধনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের জটিলতা কমানো, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, এবং নির্বাচনী কর্মকর্তাদের কাজের পরিবেশ উন্নয়ন করার লক্ষ্য রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম