প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সরকারী অর্থায়নে স্থাপিত সৌর প্যানেল চালিত অধিকাংশ স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে অকেজো থাকায় এলাকাবাসী বড় ধরনের দুর্ভোগে পড়েছে। জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য এসব লাইট স্থাপন করা হলেও অযত্ন ও অবহেলায় এখন এগুলো বেশির ভাগই কার্যকর নয়।
স্থানীয়রা জানায়, উপজেলার ১১ ইউনিয়নের হাট-বাজার, স্কুল, কলেজ, রেলস্টেশন, মসজিদ, মন্দির, সড়কসহ বিভিন্ন জনসাধারণের চাহিদাসম্পন্ন স্থানে রাতের আধারে নিরাপদ চলাচলের জন্য কোটি কোটি টাকার এসব লাইট স্থাপন করা হয়। তবে দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে এই লাইটগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘প্রথমদিকে লাইটগুলো ঠিকঠাক কাজ করত, তাই মানুষ নিরাপদে চলাচল করতে পারত। কিন্তু কয়েকদিন পরেই অধিকাংশ লাইট নষ্ট হয়ে যায় এবং এর পর থেকে মেরামতের কোনো ব্যবস্থা হয়নি। সরকারের বড় অংকের টাকা যেন পানি হয়ে গেছে।’
স্থানীয়রা আরো জানান, সোলার প্যানেল চালিত লাইটগুলো কাজ করলে রাতের আধারে চলাচল অনেক সহজ হত। এখন অনেক জায়গায় লাইট না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, বিকল লাইটগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারা মেরামতের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক বলেন, ‘এ প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। পরবর্তীতে মেরামত বা সংস্কারের জন্য কোনো বাজেট দেয়া হয়নি। ফলে বর্তমানে লাইটগুলো মেরামতের কোনো সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে বাজেট পেলেই মেরামত করা যেতে পারে। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অন্য কোনো বরাদ্দ থেকে বিকল লাইট মেরামতের জন্য বলা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম