‘লক্ষ্মী ভান্ডারে’ সেনাবাহিনীর অভিযান, অতঃপর...
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৫ পিএম

সংগৃহীত ছবি
গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের রূপগঞ্জ বাজারের ‘লক্ষ্মী ভান্ডার’ নামে একটি মুদি দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি ছুরি, মদ ও চোরাই মোবাইল ফোনসহ দু’জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা পুলিশের একটি দলও অভিযানে যোগ দেয়।
আটককৃতরা হলেন- নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দোকানটির স্বত্বাধিকারী পলাশ কুন্ডু দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালালে পলাশ কুন্ডু পালিয়ে যান। তবে হাতে-নাতে ধরা পড়েন পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার, ১৮টি বিদেশি ছুরি, ১৯টি দেশীয় অস্ত্র এবং ৩টি হকিস্টিকসহ আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।”
এদিকে এই অভিযানের পরে বেশ স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।