প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ AM আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:৪২ এএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আরও দুই কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর এনপিআর।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দক্ষিণ পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এ ঘটনা ঘটে।
পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, সংবাদ সম্মেলনের সময় হঠাৎ পুলিশের ওপর গুলি চালানো হয়। এতে পাঁচজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী গুরুতর আহত হয়েছে।
তবে হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি এ দিনকে কোডোরাস কাউন্টি ও পুরো রাজ্যের জন্য ‘অত্যন্ত দুঃখজনক ও ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি প্রতিক্রিয়ায় বলেন, পুলিশের বিরুদ্ধে সহিংসতা আমাদের সমাজের জন্য এক অভিশাপ।
তিনি আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন।