প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে আমন ধানের চারা রোপনকৃত সাড়ে পাঁচ একর জমি জোরপূর্বক চাষাবাদ করে চারাগুলো নষ্ট করে জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন ডেনি মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। তারা মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদারের দীর্ঘদিন ধরে ভোগদখল করা জমিতে হামজা মেশিন চালিয়ে আমন ধানের চারা নষ্ট করে দেন। এতে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছেন জমির মালিকরা।
প্রত্যক্ষদর্শী সালাম হাওলাদার ও কালাম হাওলাদার বলেন, শতাধিক বিএনপি নেতাকর্মীর তাণ্ডবে কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। স্থানীয় দুই নারী, কদভানু ও সুমনা অভিযোগ করেন, তাণ্ডবের সময় তাদের ওপর হামজা মেশিন তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয়রা ধাওয়া করলে একটি মেশিন রেখে পালিয়ে যায় নেতাকর্মীরা।
জমির মালিক নয়ন হাওলাদার বলেন, আমরা শতাধিক বছর ধরে এ জমি ভোগদখল করে আসছি। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ফসলি জমি নষ্ট করে দিয়েছে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা।
তবে যুবদল নেতা আরিফ গাজী বিষয়টি স্বীকার করে দাবি করেন, জমিটি আমার দাদার রেকর্ডীয়। তারা অবৈধভাবে ভোগদখল করছিল। এ নিয়েই বিরোধ চলছে। স্থানীয়ভাবে শালিস বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, যদি ঘটনাটি প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর