প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ১০:০৫ PM

বখাটে আবু মুসা শিকদার
পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী অপহরণের তিনমাস পর উদ্ধার করে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত অপহরণকারী আবু মুসাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপহরণকারী মো. আবু মুসা শিকদার (২৩) বরগুনার তালতলী উপজেলার বগীরহাট এলাকার বাসিন্দা মো. জালালা শিকদারের ছেলে।
উল্লেখ্য, কাউখালীতে ১৩ বছরের স্কুলছাত্রীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় বরগুনার জেলার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে টিকটকার মুসা শিকদারের সাথে। সেই সূত্র ধরে মুসা কাউখালীতে এসে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তাকে বহুবার উত্ত্যক্ত করে ও বিয়ের প্রস্তাব দেয়। স্কুলছাত্রী মেয়েটি তার পরিবারকে জানালে পরিবার টিকটকার আবু মুসাকে নিষেধ করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে স্কুলছাত্রীকে গত ২জুন কাউখালী শহরের বেইলি সেতুর কাছ থেকে স্কুলে যাওয়ার পথে আসামি মুসা ও তার সঙ্গীরা মিলে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র্যব-১ এর সহায়তায় বখাটে আবু মুসা শিকদারকে গ্রেপ্তার এবং তার বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাউখালী থেকে স্কুল ছাত্রী অপহরণ হওয়ায় আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ বুধবার পিরোজপুর আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে।”