প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকা থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩ ও র্যাব-১ পোড়াবাড়ি, গাজীপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর কালিয়াকৈর থানার কলেজ ছাত্র আবুল কালাম আজাদ (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পিচ্চি আকাশ ও সৌরভ। নিহত আবুল কালাম আজাদ ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র ছিলেন এবং পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করতেন। আসামিরা পূর্ব পরিচিত হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি ও অত্যাচার করত।
২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামি মো. ইমনের মাধ্যমে আজাদকে কৌশলে ডেকে কালিয়াকৈর থানাধীন উলুসারা এলাকার একটি বেকারির দোকানে আনা হয়। সেখানে আগে থেকে ওতপেতে থাকা পিচ্চি আকাশ ও সৌরভসহ অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, শুধু হত্যা নয়, গ্রেপ্তারকৃত আসামি আকাশ ও সৌরভের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক, মারামারি ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।