প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ পিএম

বরগুনার তালতলী উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)। ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পাওয়ার পর থেকেই সংস্থাটি তালতলীতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকা উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
সিডর পরবর্তী দুর্যোগগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ত্রাণ বিতরণ, ঘর নির্মাণ, রাস্তা সংস্কার, কম্পিউটার ও ভূমি অধিকারবিষয়ক প্রশিক্ষণ, আইনি সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে তারা।
সুন্দরবন কোয়ালিশনের সহায়তায় গত তিন বছরে নিশানবাড়িয়া ইউনিয়নে সংস্থাটি ঘূর্ণিঝড় রিমেল-পরবর্তী ৭৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা, ৪৫ জনকে আয়বর্ধক কর্মকাণ্ডে (আইজিএ) সহায়তা দিয়েছে। পাশাপাশি, ৫টি রাস্তা উন্নয়ন প্রকল্প, একটি কাঠেরপুল, ৯টি হুইলচেয়ার, ৩টি ক্রেস, ১৪টি স্যানিটারি ল্যাট্রিন, ৫০টি লাইফ জ্যাকেট, ২টি ট্রলার, ৪টি পুকুর খনন, একটি কৃষি বীজ ভাণ্ডার, ৬টি গভীর নলকূপ, একটি মাতৃভাষা শিক্ষা কেন্দ্র, একটি জেলেদের বিশ্রামাগার, একটি রাখাইন ট্র্যাডিশনাল আশ্রয়কেন্দ্র, একটি বেড়িবাঁধ ও একটি লাইট হাউস নির্মাণ করেছে। এছাড়াও দুর্যোগ সচেতনতামূলক বিলবোর্ড ও ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়িয়েছে সংস্থাটি।
সংস্থার নির্বাহী পরিচালক মংচিন থান বলেন, “আমরা সমাজের পিছিয়ে পড়া জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছি।” স্থানীয়রা বলছেন, এসব কার্যক্রম জনজীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং উন্নয়ন সচেতনতা বাড়িয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম