প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বটতলা গ্রামে নিহতদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআইয়ের ক্রাইম সিন টিম। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে হত্যা করে। পরে বাড়ির জানালা দিয়ে স্বজনরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় দেখা গেছে, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানিয়েছেন, হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ