প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম

ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার ভিত্তিতে জুলাই শহীদ ও যোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ইতোমধ্যে কয়েকজন ভুয়া ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এ প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া, গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলিও পুনরায় যাচাই-বাছাই করছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নাম ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ এবং আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। সঠিক তালিকা প্রণয়নে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ