প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি রপ্তানি পণ্যের শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে এনেছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি বড় মাইলফলক। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো, তুলা ও সয়াবিন আমদানি বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত। এতে ভবিষ্যতে শুল্কহার আরও কমবে এবং টেকসই বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে উঠবে। এছাড়া খসড়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্রুত স্বাক্ষরে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শ্রম খাতে যুক্তরাষ্ট্রের ১১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে ইউনূস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমমান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ ও স্বল্পসুদে ঋণ পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, সাম্প্রতিক আলোচনায় বাংলাদেশের শক্তিশালী প্রতিনিধি দল কার্যকরভাবে কাজ করেছে। তিনি শুল্ক চুক্তি ও ক্রয় প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ