প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

রাজধানীর গুলশান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. কামরুজ্জামান কায়সার। ভাষণে তিনি বলেন, “গুলশান ডিগ্রী কলেজকে একটি মডেল কলেজে রূপান্তর করতে যা যা প্রয়োজন তার সবকিছুই বাস্তবায়নে কাজ করব।” এ সময় তিনি কলেজের ডিজিটাল সাউন্ড সিস্টেমের জন্য সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পাশাপাশি প্রতি সেমিস্টার পরীক্ষায় মেধাবী তিনজন শিক্ষার্থীকে তার ব্যক্তিগত উদ্যোগে পুরস্কার প্রদানের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারি অধ্যাপক সারোয়ার হোসেন, সহকারি অধ্যাপক এ এন এম শামীম, সহকারি অধ্যাপক ইদ্রিস মাদ্রাজি এবং সহকারি অধ্যাপক তুহিনুল ইসলাম। তারা কলেজের প্রতিষ্ঠাতা মিসেস সুফিয়া মেহেদির অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, সুফিয়া মেহেদি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই গড়ে তোলেননি, বরং একটি প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চললে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।” তিনি কলেজের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিক্ষক ও অতিথিবৃন্দ কলেজের নিয়ম, পাঠক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। অভিভাবক প্রতিনিধিরাও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা শফিকুল ইসলাম।
উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, গুলশান ডিগ্রী কলেজ অচিরেই একটি মডেল কলেজ হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ