প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম

অপহৃত নিশান উদ্দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছধরা একটি ট্রলারে জলদস্যুদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলেদের মারধর করে ট্রলারের জাল, মাছ, জ্বালানি তেলসহ সবকিছু লুট করে নেয় জলদস্যুরা।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলার সময় নিশান উদ্দিন (২২) নামের এক জেলেকে অপহরণ করা হয়েছে। তিনি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৬ মাঝি-মাল্লা নিয়ে জামসেদ মাঝির নেতৃত্বে একটি ট্রলার সমুদ্রে যায়। শুক্রবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে হঠাৎ সশস্ত্র জলদস্যুরা ট্রলারটি ঘিরে ফেলে। তারা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে জেলেদের আহত করে। জীবন বাঁচাতে চার জেলে সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে ভেসে থাকা অবস্থায় অন্য ট্রলার তাদের উদ্ধার করে।
ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন বলেন, “জলদস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং কথাবার্তায় মনে হয়েছে তারা চট্টগ্রামের কোনো এলাকার লোক। তাদের আক্রমণে ৪-৫ জন গুরুতর জখম হয়েছেন। মাথা ও পায়ে আঘাত পেয়েছেন অনেকে। যাওয়ার সময় তারা নিশানকে ধরে নিয়ে যায়। এছাড়া ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশ ভেঙে দেয়ায় ঘাটে ফিরতে ভোগান্তি পোহাতে হয়েছে।”
জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, “বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতির খবর পাওয়া গেছে। তবে এখনো জেলেরা লিখিত অভিযোগ দেয়নি। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।”