প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে হত্যার কারণ জানাতে পারেনি কেউ।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া বলেন, “মানিক ভাই রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেনি। ফোনে কল দিলে বাজছিল, কিন্তু রিসিভ হচ্ছিল না। পরে খুঁজতে গিয়ে আড়িয়াল খাঁ নদীর পাশে তার জবাই করা লাশ পাওয়া যায়।”
রায়পুরা থানার এসআই জাকির হোসেন জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানা যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এনআর