প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম

সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই।’’ তিনি জোর দিয়ে উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় জাতীয় ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত আলোচনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এ সময় অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
রাজনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার এই ঘোষণা নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করবে। একইসঙ্গে ফেব্রুয়ারির প্রথমার্ধকে কেন্দ্র করে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিষ্কার বার্তাও পাওয়া গেলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ