প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

বাউফলে কিশোরকে বেঁধে নির্যাতন, অপমানে কিশোরের বিষপান
পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অভিযোগে নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অপমানে ওই কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার রোমান হোরে ওই গ্রামের আবদুল গনি ডাক্তারের ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ছালাম হাওলাদারের সুপারি গাছ থেকে সুপারি পেড়ে বাড়ি ফিরছিলেন রোমান। একপর্যায়ে পাশের একটি পরিবারের গাছ থেকেও সুপারি পাড়েন তিনি। তখন ওই বাড়ির লোকজন উপস্থিত ছিলেন না। এ সময় স্থানীয় যুবক আমীর, সজিব ও বাবুল বিষয়টি দেখে ফেলেন। পরে তারা রোমানকে ধরে হাত-পা ও গলায় রশি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করেন এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এতে অপমানিত হয়ে রোমান ঘরে থাকা কীটনাশক পান করেন।
পরে গুরুতর অবস্থায় তাকে রাত ১০টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, রোমান নামের এক কিশোর বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।