প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ AM

সংগৃহীত ছবি
টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হা-ডু-ডু খেলা দেখতে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন। খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী এই খেলায় অংশ নেন।
দর্শনার্থী শামসুল হক জানান, জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে এসে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়ারদের কৌশল দেখে আনন্দ পেয়েছেন। মাঝে-মধ্যে যদি এমন খেলার আয়োজন করা হয় তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে।
স্থানীয় বাসিন্দা জালাল জানান, সাধারণত সুস্থ্-সবল খেলোয়ারদের ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখে থাকেন। দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে জাতীয় খেলা হা-ডু-ডু দেখে খুবই ভালো লেগেছে। খেলা দেখতে এসে কেউই আশাহত হয়নি। সবাই নির্মল আনন্দ উপভোগ করেছে।
খেলায় অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী শওকত সিকদার বলেন, দীর্ঘ ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করেছি। আমাদের ৭ জন প্রতিবন্ধীর একটি দল আছে। টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে খেলায় অংশ নিয়ে থাকি। প্রায় সময়ই আমরা জয়লাভ করেছি।
স্থানীয় যুব সমাজের ব্যানারে এ আয়োজনে সভাপতিত্ব করেন সমাজসেবক বাচ্চু মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো