প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:২২ PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবতীর (২৭) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যুবতীর মরদেহ বিবস্ত্র এবং ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামতলা রেলগেটের অদূরে রেললাইনের পাশে নির্জন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের দাবি, শুক্রবার সকালেই তারা মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শুক্রবার রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই যুবতীর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি ইউডি (অজ্ঞাত মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
তবে যুবতীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইনচার্জ সাহেব গণি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে যুবতীর মরদেহ উদ্ধারের সময় তার পরনে কোনো কাপড় ছিল না এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন থাকায়, এলাকাবাসীর মাঝে সন্দেহ তৈরি হয়েছে যে এটি কেবল দুর্ঘটনা নাও হতে পারে। তারা ধারণা করছেন, এটি হয়তো হত্যাকাণ্ড বা অন্য কোনো অপরাধমূলক ঘটনার অংশ হতে পারে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এটি আত্মহত্যা, হত্যা না কি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে জোর চেষ্টা চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে