
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের পদসমূহ নিয়ে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। নতুন গঠনতন্ত্রে চাকসু থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। একইসঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদকের পদ বাতিল করা হয়েছে। তবে পদ সংখ্যার পরিবর্তন আনা হয়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
ড. কামাল উদ্দিন বলেন, 'হল সংসদে সকল সহ-সম্পাদক পদ বাদ দেওয়া হয়েছে। আর কেন্দ্রে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নামে নতুন পদ যুক্ত করা হয়েছে। তবে পদ সংখ্যা ২৮টিই রয়েছে।'
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর প্রথম বৈঠকের পর ১১ সেপ্টেম্বর প্রণয়ন কমিটি পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। সংশোধিত গঠনতন্ত্র আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।'
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের পদসমূহ–
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী হল সংসদের পদসমূহ–
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
প্রসঙ্গত, আজ (১৩ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে চাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা আর হল সংসদের জন্য ২০০ টাকা। আগ্রহী প্রার্থীরা ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা। প্রার্থীতা যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। যেখানে ভিপি ও জিএস হন– নাজিম উদ্দিন ও আজিম উদ্দিন। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩৫ বছর ধরে তা অকার্যকর রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ