প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে দুপুরে খাবার খাওয়ানোর পর সমালোচনার মুখে রাতে গ্রেপ্তার করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম।
শনিবার ভোরে (১৩ সেপ্টেম্বর) নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মোক্তার বেপারীকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) থানার ভেতরে মাসিক ভোজের আয়োজন করেন ওসি পারভেজ আহমেদ সেলিম। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশেষ অতিথি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোজসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীও।
থানার ভেতরে নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত রাজনৈতিক সংগঠনের নেতাকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর ছবি ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সচেতন মহলে সমালোচনা শুরু হয়। সমালোচনার চাপ কাটাতেই রাতের আঁধারে মোক্তার বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, “আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। সার্কেল স্যারের নির্দেশে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, মোক্তার বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন,“আমরা যে কাউকে গ্রেপ্তার করতে পারি, যদি মনে করি তিনি অপরাধে জড়িত আছেন। ওসির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ