প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ AM

সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে নেপালের সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। পাশাপাশি আগামী বছরের ৫ মার্চ ২০২৬ তারিখে নতুন নির্বাচনের দিন ঠিক করা হয়েছে।
প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে জানান, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে রাত ৯টার দিকে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছয় মাস মেয়াদি একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার দায়িত্ব হবে নতুন নির্বাচন আয়োজন করা। এভাবেই তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
শপথের আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে জেন-জিরা। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়, এতে বহু শিক্ষার্থী নিহত হন। এর পর থেকেই বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
উল্লেখ্য, মঙ্গলবার আন্দোলনের চাপে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং পরে গা ঢাকা দেন। সেদিন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।
সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অতীতে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেপালের প্রতি ভারতের সহযোগিতার প্রশংসা করেছিলেন।
সূত্র: এএফপি