প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি শপথ নেবেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে ঐকমত্যের পর এই সিদ্ধান্ত হয়। সকালে প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে দীর্ঘ আলোচনা শেষে এ সমঝোতা গড়ে ওঠে।
এই পদক্ষেপকে জেন-জি বিক্ষোভকারীদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করা হচ্ছে। তারা সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়ে আসছিলেন।
এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন সুশীলা কার্কি। তার নেতৃত্বে একটি ছোট আকারের মন্ত্রিসভা গঠিত হবে এবং শুক্রবার রাতেই প্রথম সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, মন্ত্রিসভা কেন্দ্রীয় সংসদসহ সাতটি প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করবে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপি শর্মা ওলির সরকার পতনের পর স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর জেন-জি শিক্ষার্থীরা সুশীলার নাম প্রস্তাব করেন।
তবে তার বয়স নিয়ে আপত্তি জানিয়ে একাংশ কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে। অন্যদিকে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার-রাজনীতিবিদ বলেন্দ্র শাহকেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। তবে শাহ দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি এবং সুশীলার প্রতি সমর্থন জানান।
শেষ পর্যন্ত বর্ষীয়ান সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বেছে নিয়েছে জেন-জি আন্দোলনকারীরা।
স্বদেশ প্রতিদিন/এনআর