প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৩:২৫ PM

সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল ট্রেভ্যালি ফিশ বা স্থানীয়ভাবে তবলা মাছ। মাছটি দেখতে আসার কারণে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ার পর এক জেলে তা মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।
স্থানীয়ভাবে ‘ট্রেভ্যালি ফিশ’ নামে পরিচিত তবলা মাছ প্রোটিন সমৃদ্ধ, মাংসে কাঁটা কম থাকায় ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি ‘তবলি’, ‘বগা’ বা ‘খাঁদিয়া’ নামেও পরিচিত।
ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। বাজারে নিলামে বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকার হিসাব হয়। যদিও এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই।
মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া যায়, কিন্তু এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে পাওয়া মাছটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয়। এ ধরনের মাছ সাধারণত বড় হয় এবং অনেক সুস্বাদু। এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। আশা করি, ভবিষ্যতে আরও জেলেদের জালে এ ধরনের মাছ ধরা পড়বে, যা তাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে।