প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ AM

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ওয়েনসডে–এর দ্বিতীয় মৌসুম এসেছে আরও বড় আয়োজন নিয়ে। ২০২২ সালে মুক্তির পর প্রথম মৌসুম ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। গথিক আবহ, রহস্য-থ্রিলার, টিন ড্রামা আর ডার্ক হিউমারের মিশেলে এটি নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় শো হয়ে ওঠে। এবারও দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে।
প্রথম মৌসুমের গল্প ছিল নেভারমোর একাডেমিকে ঘিরে, যেখানে হত্যা-রহস্যের সূত্র ধরে এগিয়েছিল প্লট। তবে দ্বিতীয় মৌসুমে গল্পের পরিধি বেড়েছে। ওয়েনসডে অ্যাডামস এবার আরও গভীরভাবে প্রবেশ করেছে অতিপ্রাকৃতিক জগতে। নতুন সিজনে যুক্ত হয়েছে তাঁর ভাই পুগসলের চরিত্র, যিনি নতুন ক্ষমতা নিয়ে উপস্থিত হয়েছেন। রহস্য, মানসিক হাসপাতাল, হারিয়ে যাওয়া মানুষ ও বিশ্বাসঘাতকতার মিশেলে এই মৌসুম হয়েছে আরও বিস্তৃত।
অভিনয়ে জেনা ওর্তেগা আবারও কেন্দ্রবিন্দুতে। ওয়েনসডের ঠান্ডা চাহুনি, ডার্ক হিউমার আর রহস্য সমাধানে তার অদ্ভুত আগ্রহ তাঁকে আলাদা করেছে। নতুন মৌসুমে মা মর্টিশিয়া ও বাবা গোমেজ অ্যাডামসের উপস্থিতিও কাহিনিতে গুরুত্ব পেয়েছে। এমা মায়ার্সের সঙ্গে জেনার বন্ধুত্ব ও দ্বন্দ্ব দর্শকদের টেনেছে। যদিও আইকনিক নাচের মতো মনে রাখার মতো মুহূর্ত এবার নেই।
চিত্রায়ণ, প্রোডাকশন ডিজাইন ও কস্টিউমে টিম বার্টনের স্বাক্ষর স্পষ্ট। ভিজ্যুয়াল পরিবেশনা আগের তুলনায় উন্নত হয়েছে। সঙ্গীত আর ক্যামেরার কাজ রহস্যের আবহকে শক্তিশালী করেছে। তবে কিছু দুর্বলতাও ছিল—নতুন খলনায়ক প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী হয়নি, কিছু সাবপ্লট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হয়েছে, এবং মাঝেমধ্যে একঘেয়েমি এসেছে।
সব মিলিয়ে, ওয়েনসডে ২ আগের মৌসুমের সাফল্য পুরোপুরি ছাড়াতে না পারলেও শক্তি ধরে রাখতে পেরেছে। গথিক পরিবেশ, ডার্ক হিউমার, চরিত্রের গভীরতা আর রহস্যময় আবহ সিরিজটিকে দর্শকনন্দিত করেছে। কিছু খামতি থাকা সত্ত্বেও এটি ভক্তদের প্রত্যাশার বড় অংশ পূরণ করেছে।
সূত্র: পৃথা পারমিতা নাগ
স্বদেশ প্রতিদিন/ আরএফ