প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলের নেতা শশী থারুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
থারুর লিখেছেন, ভারতের অনেকের কাছে হয়তো এটি তুচ্ছ একটি বিষয় মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটি ভবিষ্যতের জন্য এক ধরনের উদ্বেগজনক সংকেত। তাঁর মতে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শাসক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ এখন নতুনভাবে প্রতিফলিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে নিষিদ্ধ প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের আস্থা কমে গেছে। যারা এই দলগুলোর প্রতি বিরক্ত, তারা বিকল্প হিসেবে জামায়াতের দিকে ঝুঁকছেন। তবে তাঁর মতে, এর মানে এই নয় যে জনগণ ধর্মান্ধ বা কট্টর ইসলামী মতাদর্শে বিশ্বাসী। বরং জামায়াতে ইসলামীকে তারা কম দুর্নীতিগ্রস্ত এবং তুলনামূলকভাবে শৃঙ্খলাবদ্ধ একটি শক্তি হিসেবে দেখছেন।
থারুর প্রশ্ন তোলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে এই প্রবণতা কী ধরনের প্রভাব ফেলবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নয়াদিল্লিকে হয়তো প্রতিবেশী দেশে জামায়াতের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ সরকার মোকাবিলা করতে হতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ