প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ১০:০৭ PM

মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শুরুর পর সিনেট ভবনের সামনে নির্বাচন বয়কটের মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি দেখে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রানিং সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
দেখা যায়, মিছিলের সামনের দিকে ছাত্রদলের প্যানেলে থাকাসহ ২০-২৫ জন রানিং ছাত্র উপস্থিত ছিলেন। পেছনে যারা ছিলেন, তাদের অধিকাংশের ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক বছর আগে।
মিছিলে উপস্থিতদের মধ্যে সভাপতি জহির উদ্দীন বাবর (৪০ ব্যাচ), সেক্রেটারি অনিক (৪০ ব্যাচ), আফফান (৩৯ ব্যাচ) সহ সবাই সিনিয়র। কেউই রানিং শিক্ষার্থী নন।
ভুয়া-ভুয়া স্লোগান দেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, এখানে যারা মিছিল করছে, তাদের অধিকাংশ ৩৯ ও ৪০ ব্যাচের শিক্ষার্থী। তারা শান্তিপূর্ণ ভোটকে প্রশ্নবিদ্ধ করতে সিনেট ভবনের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা ভোট বর্জনের কথা জানান। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না।