প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৯:৫৭ PM

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্য কুমিরের সঙ্গে কুস্তি করে ভিডিও ধারণ করায় মার্কিন ইনফ্লুয়েন্সার মাইক হলস্টনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তার এ কার্যকলাপকে বিপজ্জনক ও অবৈধ বলে নিন্দা জানানো হয়েছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, খালি গায়ে লোনা ও মিঠা পানির কুমিরের সঙ্গে কুস্তি করছেন হলস্টন। একটি ভিডিওতে তিনি পানিতে ঝাঁপ দিয়ে কুমিরের গলা চেপে ধরে ভেসে ওঠেন। এ সময় তার কনুই থেকে রক্ত ঝরতে দেখা যায়। ভিডিওতে হলস্টন বলেন, সে আমাকে ধরেছিল, কিন্তু আমিও তাকে ধরে ফেলেছি।
অন্য একটি ভিডিওতে তাকে নৌকা থেকে লাফ দিয়ে কুমিরকে ধাওয়া করতে এবং এক পর্যায়ে কুস্তি করতে দেখা যায়। লাখো ভিউ পাওয়া এসব ভিডিও সম্পর্কে হলস্টন দাবি করেছেন, এগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে ধারণ করা হয়েছিল। তবে সেগুলো অস্ট্রেলিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির আইনে লোনা পানির কুমিরের সঙ্গে লড়াইয়ের সর্বোচ্চ শাস্তি সাড়ে ৩৭ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা।
কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুটি ভিডিও নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করছে। পরিবেশ বিভাগও বলেছে, কুমিরের সঙ্গে এ ধরনের কার্যকলাপ অত্যন্ত বিপজ্জনক ও অবৈধ। এ ধরনের আচরণ বন্ধে কঠোর আইন রয়েছে এবং জরিমানার বিধান প্রযোজ্য।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কুইন্সল্যান্ডকে “কুমিরের দেশ” বলা হয়। বিশাল এই অঞ্চলে বর্তমানে ২০ থেকে ৩০ হাজার লোনা পানির কুমিরের বসবাস রয়েছে।