প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম

প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে উপজেলার যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার ব্যাটারী বিক্রির পাওনা টাকা নিয়ে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল নাইমের বাবা নবীন মিয়ার সঙ্গে নাবেল মিয়ার বাক-বিতণ্ডা হয়।
এরই জেরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উত্তরহাটি গোষ্ঠী ও বড়হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ মিয়াসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বদেশ প্রতিদিন/শাহো