প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এরই মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সকালেই বৃষ্টির দেখা মিলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ধারা আগামী চার দিন ধরে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এ সময় ধীরে ধীরে দেশের তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম