প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৩:১৯ PM

নওগাঁ সদর উপজেলায় আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে যূঁথি (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যূঁথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝুন্টু প্রামাণিকের মেয়ে। এক বছর আগে গাজীপুরের তানভীর নামের এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি।
নিহতার বাবা ঝুন্টু প্রামাণিক জানান, বিয়ের কয়েক মাস পর তারা জানতে পারেন, তানভীরের আগে থেকেই আরেকটি স্ত্রী রয়েছে। এই তথ্য জানার পর যূঁথি ও তানভীরের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে যূঁথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে ফিরে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার ছিল মামলার শুনানির দিন। সকালে যূঁথি আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় আগে থেকেই সড়কের পাশে ওঁত পেতে থাকা তানভীর একটি মাইক্রোবাস থেকে নেমে যূঁথির ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে