প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম

নওগাঁয় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামির জামিন নামঞ্জুর
নওগাঁয় সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরও দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাংবাদিকবাদী এ কে সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।