প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম

সংগৃহীত ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গাজায় চলমান সংঘাতের অবসান ঘটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরাইলের নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি দীর্ঘদিনের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মুসলিম উম্মাহর ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন।
সূত্র: বাসস