প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম

অর্থ মন্ত্রণালয় আগামী মন্ত্রিদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব এসেছিল। প্রস্তাব বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে বলে গণমাধ্যমে যে খবর এসেছে তা সঠিক নয়।”
তিনি আরও জানান, “আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। একেকটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে।”
এছাড়া তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল জাপানে পাঠানো হবে। সম্প্রতি অর্থ উপদেষ্টার জাপান সফরে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে দুই দেশের সরকারের সঙ্গে।
উপদেষ্টা বলেন, জাপান যাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবলকে জাপানি ভাষা শিখতে হবে।