প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

প্রতীকী ছবি
নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা শংকর সাহা (৪০) নামে ঋণগ্রহীতাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের বিরুদ্ধে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হীড বাংলাদেশের অফিস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শংকর সাহা। উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
নিহতের পরিবারের দাবি বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের কর্মকর্তারা তাঁকে ঋণ না দিয়ে উল্টো বিষ খাইয়ে হত্যা করেছেন। তবে এনজিও কর্তৃপক্ষ বলছে, তিনি অফিসে যাওয়ার আগেই বিষপান করেছিলেন।
নিহতের স্ত্রী রিংকু সাহা জানান, দিনমজুর শংকর গত ৮-৯ মাস আগে হীড বাংলাদেশের ওছখালি শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নেন। শতকরা সাড়ে ১২ শতাংশ সুদে নেওয়া ওই ঋণের কিস্তি নিয়মিত শোধ করলে তাঁকে নতুন করে আরেক দফা ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছিল এনজিও কর্তৃপক্ষ। আগে নেওয়া টাকা পরিশোধের পর সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আবার ঋণের জন্য অফিসে যান শংকর। কর্মকর্তারা তাঁকে ঋণ না দিয়ে উল্টো অপমান করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে অফিস থেকে ফোনে জানানো হয় শংকর বিষ খেয়ে হাসপাতালে আছেন।
অভিযোগ অস্বীকার করে হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার অলক কুমার হালদার বলেন, "শংকর এগারো কিস্তিতে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিছু কিস্তি শোধ করা হলেও অক্টোবর মাসে আরও টাকা বাকি ছিল। কয়েক দিন আগে তাঁর এক আত্মীয় আমাদের জানান, শংকর যেন আর ঋণ না পান, কারণ তিনি টাকা শোধ করতে পারবেন না। সেদিন অফিসে আসার আগেই তিনি বিষপান করেছিলেন। অফিসে আধা ঘণ্টা পর বাথরুমে গিয়ে বমি শুরু করলে দরজা ভেঙে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আমাদের অফিসে বিষ খাওয়ানোর কোনো সুযোগ নেই।"
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক বলেন, 'শংকরের পেট থেকে বিষ বের করা হয়েছিল। ইঁদুরনাশক জাতীয় কোনো বিষ খেয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/শাহো