প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ২:৪৭ PM

নেপালে চলমান তরুণদের আন্দোলন ও নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই সংকট নিরসনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এরপরই প্রধানমন্ত্রী ওলি এক বিবৃতির মাধ্যমে সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক আহ্বান করেন। যদিও বৈঠকের স্থান এখনও জানানো হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীসহ সারা দেশে সোমবার যেসব বিক্ষোভ হয়েছে এবং তার পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন সবচেয়ে জরুরি।’
তিনি আরও জানান, এই সংকট মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং সক্রিয়ভাবে একটি কার্যকর ও টেকসই সমাধান খুঁজছেন।
এদিকে, মঙ্গলবারও কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশে অবস্থান করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।
এর আগে, সোমবার সহিংসতায় বেশ কয়েকজন তরুণ নিহত হয়। নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে, যার ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
স্বদেশ প্রতিদিন/এমএম