প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৬:০২ PM

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটেলিয়ানের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে। অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়ীতে ৪টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে।
আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আটককৃত গাড়ীটি ডাম্পিংয়ের জন্য থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং গাড়িতে থাকা ৪টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। জব্দকৃত মহিষের বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, এই ধরনের অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসন নিয়মিত তৎপরতা অব্যাহত রেখেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ