প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয় প্রশিক্ষণার্থী মোজাম্মেল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা আনসার-ভিডিপি অফিসার আজহারুল আলম।
তিনি বলেন, ‘এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আসবে। এর মধ্যে রয়েছে- সরকারি চাকরিতে কোটা সুবিধা, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব এবং দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালনের সুযোগ। পাশাপাশি, আনসার উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগও রয়েছে।’
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ট্রেইনার হিসেবে অংশ নেবেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। দশ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিদিন ১৫০ টাকা হারে ভাতা, সরকারি পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ আনসারী, সাদকপুর গ্রামের সাবেক মেম্বার ও সামাজিক ব্যক্তিত্ব নওশের আহমেদ, ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাহ আলম, পীরযাত্রাপুর ইউনিয়নের ইউনিয়ন কমান্ডার জয়দল হোসেন বাদল।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও সুশৃঙ্খল রাখার কাজে সাদকপুর মাদ্রাসার স্কাউট দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনিট লিডার সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং স্কাউট সদস্যরা প্রশিক্ষণের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় সহায়তা করছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম